বিজ্ঞাপন

নাশকতা পরিকল্পনায় গোপন বৈঠক, যুবলীগ নেতাসহ ৮ জন রিমান্ডে

নাশকতা পরিকল্পনায় গোপন বৈঠক, যুবলীগ নেতাসহ ৮ জন রিমান্ডে

রাজধানীর উত্তরখান থানার এলাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ আসামির ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

রোববার (১৩ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ এতথ্য নিশ্চিত করেন। আসামিরা হলেন- ৪৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩২), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আবদুর রহমান (৪০), মো. সিফাত (২০), মো. মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।

এর আগে, আদালতে আসামিদের হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।

ওই আবেদনে বলা হয়, মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, জড়িত অন্য সহযোগী আসামিদের এবং অর্থঘাতমূলক কর্মকাণ্ডের মূল উস্কানিদাতার নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তারের উদ্দেশ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এদিন, আসামি পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে, রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষে শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাতে উত্তরখান এলাকার পুরানপাড়ার একটি অটো গ্যারেজের ভেতরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সংখ্যাক সদস্য সমবেত হয়ে সরকার ও জনসাধারণের শান্তি বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উত্তরখান থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই ঘটনায় উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এনআর/আরএফ