জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রিভিউ (পুর্নিবিবেচনা) আবেদনের শুনানি পেছানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনালে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আমরা নতুন করে সময় চাই। পরে শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, মার্জিনা রায়হানসহ অন্যান্য প্রসিকিউটর।
এর আগে, ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৭ এপ্রিল সুনির্দিষ্ট তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
এ মামলায় বর্তমানে গ্রেপ্তার পাঁচজন হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
হাছান মাহমুদসহ পলাতক অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনে প্রসিকিউশন। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম, হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহতের বর্ণনা উল্লেখ করা হয়েছে।
এমআরআর/এমএসএ
