জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার শুনানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র বা নথির ওজন প্রায় ২৫ কেজি বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ মামলার রায় ঘোষণার আগে এ মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ সময় মামলায় সংশ্লিষ্ট প্রসিকিউশন, স্টেট ডিফেন্স, তদন্ত সংস্থাসহ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, এ রায় লিখতে আমাদের যেমন কষ্ট হয়েছে; তেমনি প্রসিকিউশন, সাক্ষী, তদন্ত কর্মকর্তাও কষ্ট করেছেন। মামলা চলাকালে সাংবাদিকরাও অনেক পরিশ্রম করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ।
এ মামলার আসামিরা উপস্থিত থাকলে পুরো রায়টি পড়া যেতো। কিন্তু তারা পলাতক। এছাড়া পূর্ণাঙ্গ রায় হাজার পৃষ্ঠাও হতে পারে বলে মন্তব্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
এদিন সাত আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন— ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এমআরআর/এমএন
