রাজধানীর পল্লবীতে ছিনতাইকালে মো. সজীব (২২) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হাসান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১০, ব্লক-এ, প্যারিস রোডসংলগ্ন কাঠালতলা মাঠের মাঝখানে সজীবের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আসামিরা।
এ সময় ছিনতাইয়ে বাধা দিলে আসামিরা সজীবকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার পেটের ডান পাশে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। নিহত সজীব পল্লবী এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করতেন।
এ ঘটনায় নিহতের মা মোসা. কহিনুর বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর পল্লবীর বাসা থেকে জুয়েল ওরফে বাল্লা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
এনআর/জেআই
