সাহরির জন্য শোল মাছ ভুনার রেসিপি
সাহরিতে একটু ভাত-মাছ হলেই যেন ভালো। কারণ ঘুম থেকে জেগে এমন কিছু খেতে মন চায়, যা সুস্বাদু ও সহজে হজম হয়। সাহরিতে তাই রাখতে পারেন দেশি যেকোনো মাছের পদ। তার মধ্যে একটি হতে পারে শোল মাছ। শোল মাছের ভুনার সঙ্গে গরম ভাত হলে জমে যাবে বেশ। চলুন তবে জেনে নেওয়া যাক, সাহরির জন্য শোল মাছ ভুনার রেসিপি-
তৈরি করতে যা লাগবে
বড় শোল মাছ- ১টি
টমেটো (৪ টা)
পেঁয়াজ কুচি- দেড় কাপ
হলুদের গুঁড়া- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ৩ চা চামচ বা স্বাদমতো
রসুন বাটা- ১ চা চামচ
ধনিয়াপাতা কুচি- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
শোল মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এবার তাতে অল্প লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।এরপর দিয়ে দিন কিউব করে কেটে রাখা টমেটো। কিছুক্ষণ পর তাতে ভেজে রাখা শোল মাছ দিয়ে দিন। পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন ৮-১০ মিনিট। ঝোল টেনে গাঢ় হয়ে এলে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
এইচএন
