নারী দিবসে উপহার হোক বৈচিত্র্যময়, তালিকায় যা রাখতে পারেন
আজ রোববার, আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর গুরুত্ব ও অবদানকে সম্মান জানিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। আপনার জীবনের প্রিয় নারী—মা, বোন, স্ত্রী, কন্যাসন্তান, বান্ধবী কিংবা প্রেমিকা—সবার জন্যই দিনটিকে বিশেষ করে তুলতে পারেন ছোট কিন্তু অর্থবহ কিছু উপহারের মাধ্যমে। শ্রদ্ধা জানান বৈষম্যহীন সম্পর্কের বন্ধনকে এবং চমকে দিন অভিনব সব উপহারে।
যে সব উপহার তালিকায় রাখতে পারেন, চলুন জেনে নিই...
হাতে তৈরি উপহার
বাজারের কেনা জিনিসের চেয়ে নিজের হাতে তৈরি উপহারের আবেদন সবসময়ই আলাদা। প্রিয় মানুষের জন্য নিজ হাতে একটি কার্ড তৈরি করতে পারেন। তাতে বিশেষ কোনো বার্তা লিখে মনের মতো করে নকশা করে নিন। এছাড়া কুইলিং কাগজ ব্যবহার করে কানের দুল বা ছোট গয়না বানিয়েও প্রিয়জনকে চমকে দেওয়া যায়। এই উপহারে আপনার শ্রম ও ভালোবাসা মিশে থাকবে।
ফুল ও চকোলেটের তোড়া
নারী দিবসে প্রিয় নারীর হাতে তুলে দিতে পারেন পছন্দের ফুল ও চকোলেট। প্রথাগত ফুলের তোড়ার পাশাপাশি এখন চকোলেটের তোড়াও বেশ জনপ্রিয়। দিনটি শুরু হোক মিষ্টি মুখে।
ব্যক্তিগত বার্তার মগ
চা বা কফি কমবেশি সবাই পছন্দ করেন। সাদা একটি মগ কিনে তাতে প্রিয় মানুষের ছবি কিংবা বিশেষ কোনো বার্তা লিখে উপহার দিতে পারেন। এদিন নিজেই চা বা কফি বানিয়ে সুন্দর করে সাজানো মগটিতে পরিবেশন করুন। আপনার এই সামান্য প্রচেষ্টা দিনটিকে আনন্দময় করে তুলবে।
সপরিবারে ঘোরাঘুরি ও ভূরিভোজ
বিশেষ এই দিনে পরিবারের সবাইকে নিয়ে পছন্দের রেস্তরাঁয় খেতে যেতে পারেন। আবার চাইলে কোনো সিনেমা দেখা বা প্রিয় জায়গা থেকেও ঘুরে আসা যায়। বাইরে যাওয়া সম্ভব না হলে বাড়িতেই নিজে হাতে পছন্দের কিছু রান্না করে সবাইকে খাওয়াতে পারেন।
সংক্ষিপ্ত ভ্রমণ
নারী দিবস উপলক্ষ্যে সপ্তাহান্তে দুই দিনের জন্য ছোট কোনো ট্যুরের পরিকল্পনা করতে পারেন। পরিবারের সঙ্গে কাটানো এই মানসম্মত সময়টুকু প্রিয় নারীর ক্লান্তি দূর করে মনে প্রশান্তি আনবে।
পছন্দের প্রসাধনী ও গিফট বক্স
আপনার জীবনের বিশেষ নারীটি যদি সাজগোজ পছন্দ করেন, তবে তাকে তার প্রিয় ব্র্যান্ডের প্রসাধনী উপহার দিন। সুন্দর একটি বাক্স নিজে হাতে ফুল দিয়ে সাজিয়ে তার ভেতর প্রসাধনী ও চকোলেট গুছিয়ে দিতে পারেন।
উপহার যেমনই হোক, তাতে যেন থাকে অভিনবত্ব এবং আপনার আন্তরিকতা। একঘেয়েমি কাটিয়ে এই ছোট ছোট উদ্যোগগুলোই প্রিয় মানুষের মন জয় করতে যথেষ্ট।
এমএন
