বিজ্ঞাপন

এয়ার কুলারের পচা গন্ধ দূর করুন মাত্র ১০ মিনিটে

এয়ার কুলারের পচা গন্ধ দূর করুন মাত্র ১০ মিনিটে

প্রচণ্ড গরমে স্বস্তির জন্য এয়ার কুলার যাদের ভরসা তাদের জন্য বড় একটি সমস্যা হলো কুলার থেকে বেরোনো ভ্যাপসা গন্ধ। অনেক সময় এয়ার কুলারের পানি পরিবর্তন করার পরেও ঘরজুড়ে এক ধরনের পচা গন্ধ ছড়িয়ে থাকে, যা ঠান্ডা কমানোর পরিবর্তে অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। তবে ঘরোয়া কিছু সহজ কৌশল জানা থাকলে মাত্র ১০ মিনিটের মধ্যেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

এয়ার কুলারের পচা গন্ধের প্রধান কারণ হলো এর ভেতরে জমে থাকা পুরাতন পানি এবং ঘাসের জালিতে জন্মানো ছত্রাক। তাই গন্ধ দূর করতে সবার আগে কুলারে জমে থাকা পুরাতন পানি ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। পরিষ্কার পানিতে এক কাপ সাদা ভিনিগার অথবা দু’চামচ বেকিং সোডা মিশিয়ে কুলার পরিষ্কার করে নিন। এই মিশ্রণটি কুলারের ভেতরে থাকা ব্যাকটিরিয়া ধ্বংস এবং পচা গন্ধ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে।

যারা ঘরে সুগন্ধ  চান, তাদের জন্য পারফিউম বা রুম ফ্রেশনারের চেয়ে প্রাকৃতিক নির্যাস বেশি কার্যকরী। কুলারের পানি কয়েক ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল (যেমন, ল্যাভেন্ডার বা লেমনগ্রাস) মিশিয়ে নিন। এর ফলে কুলার চললে ঘর শুধু ঠান্ডাই হবে না বরং স্নিগ্ধ সুগন্ধে ভরে উঠবে। যদি অ্যাসেনশিয়াল অয়েল না থাকে, তবে পানিতে সামান্য গোলাপ জল বা লেবুর রস মিশিয়ে দিলেও চমৎকার ফল পাওয়া যায়।

কুলারের পেছনের ঘাসের জালি বা ‘কুলিং প্যাড’ গুলো নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার করা জরুরি। অনেক সময় ধুলোবালি জমে পানি পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। সপ্তাহে অন্তত একদিন ব্রাশ দিয়ে এই প্যাডগুলো পরিষ্কার করলে বাতাসের মান আরও উন্নত হয়। কুলারের পানি প্রতিদিন পাল্টালে কেবল শুধু গন্ধই দূর হয় না বরং ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো মশাজনিত রোগ প্রতিকারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই অল্প কিছু কৌশল ব্যবহার করলে  আপনার এই গ্রীষ্মকালীন সময় সুগন্ধে ভরে উঠবে এবং তা হবে স্বস্তির।

আরআফ/এসএম

বিজ্ঞাপন