আপনি সব সময় একটি পরামর্শ শুনে থাকবেন, ‘ভালোবাসার জন্য বিয়ে করতে’। মানুষ আপনাকে বলবে, ‘ভালোবাসা খুঁজে নাও।’ তাদের মতে, একটি দীর্ঘস্থায়ী সম্পর্কে এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। তবে টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কে আইন অনুশীলনের জন্য লাইসেন্সপ্রাপ্ত একজন শীর্ষস্থানীয় বিবাহবিচ্ছেদ আইনজীবী লেনা নগুয়েন এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। আইনজীবী একটি ইনস্টাগ্রাম ভিডিওতে বলেছেন, “আপনাকে টাকার জন্য বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য বিয়ে করবেন না।” যা তখন থেকেই ভাইরাল হচ্ছে। তার এই পরামর্শ বিতর্কিত হতে পারে, কিন্তু তার কাছে যথেষ্ট জোরালো কারণ রয়েছে, কারণ তিনি নিজে আর্থিক বিপর্যয়কে জীবন বিপর্যস্ত করতে দেখেছেন।
বিয়ে একটি চুক্তি
এই আইনজীবী, যিনি বছরের পর বছর ধরে আদালতে বিয়ে ভেঙে যাওয়া, ভালোবাসা ম্লান হয়ে যাওয়া এবং আর্থিক সংগ্রামের কারণে মানুষের জীবনে সৃষ্ট কালো ছায়া প্রত্যক্ষ করেছেন, তিনি যুক্তি দেন যে বিয়ে যতটা না একটি মানসিক প্রতিশ্রুতি, তার চেয়েও বেশি একটি আর্থিক ব্যবস্থা। “ভাবুন তো, ভালোবাসার জন্য বিয়ে করলেন এবং দেখলেন আপনার সন্তানদের মধ্যে কত সম্ভাবনা, অথচ আপনি তাদের ভরণপোষণ করতে পারছেন না। একজন বিবাহবিচ্ছেদ আইনজীবী হিসেবে, আমি বাস্তব জীবনে ঠিক এই মুহূর্তটি ঘটতে দেখেছি, যা মানুষ স্বীকার করতে চায় তার চেয়েও বেশিবার। বিয়ে একটি ব্যবসায়িক চুক্তি,” তিনি বলেন।
অর্থকে উপেক্ষা করলে তা সম্পর্ক ভাঙার কারণ হতে পারে
বিয়েকে প্রাথমিকভাবে একটি আবেগীয় দৃষ্টিকোণ থেকে দেখতে অভ্যস্ত করা হয়েছে। মানুষ সবসময় বলে নিজের মনকে অনুসরণ করতে এবং এর সঙ্গে জড়িত অর্থ নিয়ে কম ভাবতে। যদিও এটি রোমান্টিক কমেডি চলচ্চিত্রে এখনও কাজ করতে পারে, তবে বাস্তব জীবনে এটি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। “আমরা ভালোবাসার জন্য বিয়ে করার এই ধারণাটিকে এমনভাবে রোমান্টিক করে তুলি যেন এটি একজন ব্যক্তির নেওয়া সবচেয়ে মহৎ সিদ্ধান্ত। নিজের মনকে অনুসরণ করুন। অর্থকে উপেক্ষা করুন। সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শুনতে সুন্দর লাগে, কিন্তু বাস্তবতা ভিন্ন হয়ে দাঁড়ায়।” তিনি ব্যাখ্যা করেন।
শিশুরা অত্যন্ত বস্তুবাদী
যুক্তিভিত্তিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। আপনার সন্তান কি এটা উপলব্ধি করতে পারবে যে সে বন্ধুদের সঙ্গে স্ট্যাডি ট্যুরে যেতে পারছে না কারণ তার বাবা-মা ভালোবাসার জন্য বিয়ে করেছিল, অর্থের জন্য নয়? সন্তান লালন-পালনের জন্য শুধু আবেগীয় বিনিয়োগের চেয়েও বেশি কিছু প্রয়োজন। আপনার টাকা দরকার। আর কোনো পরিমাণ ভালোবাসাই সেই অভাব পূরণ করতে পারে না, যা টাকা পারে। “আমি যখন এটা বলি তখন মানুষ অপছন্দ করে, কিন্তু শিশুরা অত্যন্ত বস্তুবাদী হয়। এর কারণ এই নয় যে তারা আদুরে, বরং তারা পর্যবেক্ষণশীল। শিশুরা বাস্তব জগতে বাস করে। তারা দেখে কোন সহপাঠীরা ট্যুরে যায়, কারা গানের ক্লাস করে, কারা ভ্রমণ করে, কাদের গৃহশিক্ষক আছে। শিশুরা সম্ভাবনা এবং সুযোগের মধ্যে পার্থক্য বুঝতে পারে,” আইনজীবী বলেন।
শুধু ভালোবাসা আপনার সন্তানের স্বপ্ন পূরণ করবে না
একটু ভেবে দেখুন। আপনার সন্তান মেধাবী, কৌতূহলী, প্রতিভাবান এবং প্রাণশক্তিতে ভরপুর। আপনার সন্তান হয়তো গণিত, খেলাধুলা বা শিল্পকলায় অসাধারণ। কিন্তু তারপর আপনি বুঝতে পারেন যে, টাকাই একমাত্র জিনিস যা তাদের স্বপ্ন থেকে দূরে রাখছে। এখন, এটা কেমন লাগে? আপনি আপনার সন্তানকে সীমাবদ্ধতার মধ্যে স্বপ্ন দেখতে শেখাতে পারেন না, তাই না? এটা একটা নির্মম উপলব্ধি। শিশুরা আপনার প্রেমের গল্প নিয়ে মাথা ঘামায় না। তারা ভাবে তারা কোন পরিবেশে বড় হচ্ছে। তারা ভাবে তাদের জন্য কোন দরজা খোলা আছে। কোনো শিশুই সেখানে বসে ভাবছে না যে, অন্তত আমার বাবা-মা ভালোবাসার জন্য বিয়ে করেছিল। তারা ভাবছে, আমিও কেন তা করতে পারব না? এই প্রশ্নটা পেটে ঘুষির মতো এসে লাগে। এটাই সেই অংশ যা মানুষ মুখে বলতে এড়িয়ে চলে। ভালোবাসা চমৎকার, কিন্তু সন্তান লালন-পালন করা শুধু আবেগীয় নয়। এটা লজিস্টিক। এটা ব্যয়বহুল। এটা কৌশলগত।
শেষ কথা হলো, এর মানে এই নয় যে আপনার শুধু টাকার জন্য বিয়ে করা উচিত। কিন্তু যখন আপনি আপনার সঙ্গী নির্বাচন করবেন, তখন জানবেন যে তার আর্থিক স্থিতিশীলতাও আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কারণ শেষ পর্যন্ত টাকাই আসল। টাকা হয়তো পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারে না, কিন্তু এটি আপনার জীবনকে সহজ করে তোলে। “এর মানে এই নয় যে আপনি শুধু টাকার জন্য কাউকে বিয়ে করবেন, কিন্তু যখন আপনি সন্তান লালন-পালনের পরিকল্পনা করছেন, তখন টাকা কোনো ব্যাপার নয় এমন ভান করাটা রোমান্টিক নয়। এটা নির্বুদ্ধিতা। সম্পদ ছাড়া সম্ভাবনা হলো জ্বালানিবিহীন ফেরারি গাড়ির মতো। সুন্দর, শক্তিশালী, কিন্তু কোথাও যাচ্ছে না,” আইনজীবী উপসংহার টানলেন।
এইচএন
