বর্ষা এলে আপনার ত্বকের এক নতুন রূপ প্রকাশ পেতে পারে। বাইরে বেরোনোর এক ঘণ্টার মধ্যেই মনে হতে পারে আপনি ত্বকের যত্নই নেননি। ত্বক তৈলাক্ত হয়ে যাওয়া, লোমকূপ বন্ধ হয়ে যাওয়া এবং ব্রণের মতো সমস্যাগুলো যেন হঠাৎ করেই দেখা দেয়। বর্ষাকালে তৈলাক্ত ত্বকের মানুষের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তবে বর্ষাকালে কেন ত্বকের অবস্থা এতটা খারাপ হয়ে যায় সে সম্পর্কে আমাদের বেশিরভাগেরই কোনো ধারণা থাকে না।
বর্ষাকালে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করা আপনার জন্য সবচেয়ে ভালো পরিবর্তন হতে পারে। ত্বকের আর্দ্রতা প্রয়োজন, কিন্তু এর ফর্মুলাটি ঋতুর সঙ্গে মানানসই হওয়া দরকার। এছাড়াও হালকা জেল সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যা ত্বককে ইউভি রশ্মি থেকে রক্ষা করার পাশাপাশি তেল নিয়ন্ত্রণ করে। জেনে নিন কীভাবে পরিচর্যা করবেন-
দিনে দুইবার মুখ পরিষ্কার করুন
ত্বকের আর্দ্রতা নষ্ট না করে অতিরিক্ত তেল এবং ঘাম দূর করতে জেল-বেইজড ফেসওয়াশ ব্যবহার করুন। বর্ষাকালে ত্বক তৈলাক্ত মনে হওয়ায় অতিরিক্ত মুখ পরিষ্কার করা একটি সাধারণ ব্যাপার, কিন্তু দিনে দুইবারের বেশি মুখ পরিষ্কার করলে ত্বকের সুরক্ষা স্তরের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক তেল দূর হয়ে যেতে পারে, যার ফলে অতিরিক্ত সিবাম তৈরি হতে পারে।
ওয়াটার-বেইজড সিরাম ব্যবহার করুন
বর্ষাকালে সিবাম নিয়ন্ত্রণের জন্য নায়াসিনামাইড সবচেয়ে কার্যকর উপাদান। ১০% থেকে ১২% পরিমাণই সিবাম গ্রন্থিগুলোকে উৎপাদন কমাতে এবং ব্রণের কারণ হওয়া প্রদাহ শান্ত করতে সংকেত দেওয়ার জন্য যথেষ্ট। মুখ পরিষ্কার করার পরে এবং ময়েশ্চারাইজার ব্যবহারের আগে এটি প্রয়োগ করুন।
অয়েল ফ্রি ফর্মুলা দিয়ে ময়েশ্চারাইজ করুন
বর্ষাকালে ত্বক এমনিতেই তৈলাক্ত মনে হওয়ায় ময়েশ্চারাইজার ব্যবহার না করাটা সবচেয়ে খারাপ কাজ। পানিশূন্য ত্বক এর ক্ষতিপূরণের জন্য আরও বেশি তেল উৎপাদন করে। হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত একটি তেল-মুক্ত ময়েশ্চারাইজার ত্বককে কোনো রকম অস্বস্তি ছাড়াই প্রয়োজনীয় জলীয় উপাদান সরবরাহ করে।
জেল সানস্ক্রিন ব্যবহার করুন
বর্ষাকালে, এমনকি মেঘলা দিনেও ইউভি রশ্মি অদৃশ্য হয় না। এই ধরনের পরিস্থিতিতে জেল ফর্মুলার PA++++ রেটিংযুক্ত SPF 50 সানস্ক্রিন সবচেয়ে ভালো কাজ করে, কারণ এটি দ্রুত শোষিত হয়। এটি ত্বকের তেল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ব্রড-স্পেকট্রাম সুরক্ষা প্রদান করবে। আপনার সকালের রুটিনের শেষ ধাপ হিসেবে এটি ব্যবহার করুন এবং বাইরে সময় কাটালে প্রতি দুই ঘণ্টা পর পর পুনরায় লাগান।
সাপ্তাহিক এক্সফোলিয়েশন
স্যালিসাইলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড ত্বকের জন্য কোমল, তাই আর্দ্র আবহাওয়ায় ত্বকের অস্বস্তি দূর করতে সপ্তাহে একবার এগুলো ব্যবহার করতে পারেন। এটি ব্ল্যাকহেডস জমতে বাধা দেয় এবং সারা মৌসুম জুড়ে লোমকূপ পরিষ্কার রাখে। এটি সপ্তাহে একবারের মধ্যে সীমাবদ্ধ রাখুন, কারণ বর্ষাকালে অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের সুরক্ষা স্তরকে ক্ষতিগ্রস্ত করে এবং তৈলাক্ততা বাড়িয়ে দেয়।
এইচএন
