বিজ্ঞাপন

মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি

মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি

মাংস দিয়ে তৈরি যেকোনো রোলই খেতে অসাধারণ লাগে। যারা একটু স্বাস্থ্য সচেতন কিন্তু মুখরোচক খাবারও খেতে ইচ্ছা হয় তারা চাইলে ময়দার বদলে বাঁধাকপির পাতা দিয়ে রোল তৈরি করে খেতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যকরও। বাড়তি ময়দা বা তেল ব্যবহার না করেও আপনি খুব সহজেই মাংস আর বাঁধাকপির রোল তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বাঁধাকপির বড় পাতা- ৬-৭টি

রান্না করা গরুর মাংস- পরিমাণমতো

ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

টমেটো সস- ২ টেবিল চামচ

সালাদ ড্রেসিং- স্বাদ অনুযায়ী

গোলমরিচ- স্বাদমতো

তেল- সামান্য

লবণ- স্বাদমতো।

ডিপিং সস তৈরি করতে যা লাগবে

ডার্ক সয়া সস- ১ চা চামচ

পানি- সামান্য

ব্রাউন সুগার- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

রান্না করা মাংস ছোট ছোট টুকরা করে নিন। একটি পাত্রে পানি গরম করে তাতে বাঁধাকপির আস্ত পাতাগুলো তিন-চার মিনিট সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হতে দিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিন। এরপর তাতে সালাদ ড্রেসিং, টমেটো সস ও গোলমরিচ দিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী লবণ যোগ করুন। নেড়েচেড়ে নামিয়ে নিন। বাঁধাকপির পাতা বিছিয়ে তাতে পরিমাণমতো পুর দিয়ে রোল করে নিন। সবগুলো এভাবে তৈরি করে নিন। ডিপিং সসের সব উপকরণ চুলায় হালকা আঁচে কয়েক মিনিট জ্বাল করে নিন। এবার পরিবেশন করুন।

এইচএন

বিজ্ঞাপন