ফ্রিজে পাউরুটি রাখা একটি সাধারণ অভ্যাস। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত ছত্রাক জন্মানো রোধ করার জন্য এটি করা হয়। তবে অনেকেই চিন্তিত থাকেন যে এই ঠান্ডা তাপমাত্রা হয়তো গোপনে পাউরুটির প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান নষ্ট করে দিতে পারে। সত্যিই কি ফ্রিজে পাউরুটি রাখলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়? চলুন জেনে নেওয়া যাক-
ফ্রিজে রাখলে কি পাউরুটির পুষ্টিগুণ নষ্ট হতে পারে?
পাউরুটি ফ্রিজে রাখলে এর পুষ্টিগুণের তেমন কোনো বড় ক্ষতি হয় না। পাউরুটি ফ্রিজে রাখলে এর মধ্যে থাকা ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান সংরক্ষিত থাকে। রুটি ঠান্ডা করার ফলে এর কিছু দিক প্রভাবিত হতে পারে। প্রথম পরিবর্তন হলো স্টার্চ রেট্রোগ্রেডেশন প্রক্রিয়ার দ্রুত শুরু হওয়া। রুটি ঠান্ডা করা হলে স্টার্চের অণুগুলো তাদের বিন্যাস পুনর্বিন্যাস করে। যে কারণে টাটকা অবস্থার তুলনায় রুটি আরও শুষ্ক ও শক্ত হয়ে যায়। পুষ্টিগুণ সম্ভবত একই থাকে, তবে এটি খাওয়া অস্বস্তিকর হতে পারে।
খাবার ঠান্ডা ও পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে কিছু স্টার্চ রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয়, যা সহজে ভাঙা যায় না এবং হজম হয় না। এই ধরনের স্টার্চ ডায়েটারি ফাইবারের মতোই কাজ করে এবং স্বাস্থ্যের জন্য উপকারী প্রভাব ফেলতে পারে।
রুটি ফ্রিজে রাখলে কি তা বেশিদিন ভালো থাকে?
পাউরুটি ফ্রিজে রাখার চেয়ে হিমায়িত করে রাখলে তা বেশি টাটকা থাকে এবং এর পুষ্টিগুণও বেশিদিন বজায় থাকে। শুধুমাত্র খুব গরম আবহাওয়ায় ফ্রিজে রাখা প্রয়োজন হতে পারে, যখন ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে। তবে মূল যে বিষয়টির দিকে আপনার মনোযোগ দেওয়া উচিত তা হলো আপনি কোন ধরনের পাউরুটি খাচ্ছেন।
ফ্রিজে রাখার কারণে পুষ্টিগুণ নষ্ট হওয়া এড়ানোর চেয়ে সঠিক ধরনের পাউরুটি বেছে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। হিমায়িত হোক বা সাধারণ তাপমাত্রায় রাখা হোক, সঠিক খাদ্যতালিকায় যোগ করা হলে পাউরুটি প্রচুর শক্তি এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
এইচএন
