আমরা সবাই হয়তো মনে করি যে, টাটকা সবজিই বেশি স্বাস্থ্যকর। দেখতে সতেজ বলে সহজেই তা ক্রেতাকে আকৃষ্ট করে। অন্যদিকে ফ্রোজেন ফল ও সবজি এখনও মানুষের কাছে ততটা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। বেশিরভাগ মানুষ ফ্রোজেন সবজিকে প্রক্রিয়াজাত, পুরনো বা কোনোভাবে নিম্নমানের কিছু বলে মনে করে। কিন্তু বাস্তবতা তেমন নয়। অনেক ক্ষেত্রে ফ্রোজেন সবজি টাটকা সবজির মতোই পুষ্টিকর হতে পারে, কখনও কখনও তার চেয়েও ভালো।
কেন টাটকা সবজি সব সময় সেরা হয় না
এর কারণ হলো সময়। টাটকা ফল ও সবজির জীবন কেবল তাকের উপরেই শুরু এবং শেষ হয় না। এটি তোলা, প্যাক করা, পরিবহন করা, সংরক্ষণ করা এবং অবশেষে কেনা পর্যন্ত, এর মধ্যেই এটি তার পুষ্টিগুণের কিছুটা হারিয়ে ফেলতে পারে। সবজিগুলো হয়তো অনেক দূর থেকে এসেছে বা খাওয়ার আগে বেশ কয়েকদিন ধরে রান্নাঘরে পড়ে থাকছে। কিছু ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি এবং নির্দিষ্ট কিছু বি ভিটামিন তাপ, আলো এবং বাতাসের প্রতি সংবেদনশীল, যার মানে হলো সতেজতা দ্রুত ম্লান হয়ে যেতে পারে।
ফ্রোজেন ফল ও সবজি সাধারণত পুরোপুরি পাকা অবস্থায় সংগ্রহ করা হয় এবং এরপর দ্রুত ব্লাঞ্চ করে ফ্রোজেন করা হয়। এই প্রক্রিয়াটি পুষ্টিগুণকে ঠিক সেই মুহূর্তে ধরে রাখতে সাহায্য করে যখন সেগুলো সর্বোত্তম অবস্থায় থাকে।
টাটকা ফল ও সবজি কখন বেশি স্বাস্থ্যকর?
টাটকা ফল ও সবজি চমৎকার হতে পারে, বিশেষ করে যখন সেগুলো মৌসুমী হয়, স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং কেনার পরপরই খাওয়া হয়। গ্রীষ্মকালে একটি পাকা টমেটো, খামার থেকে সরাসরি আনা একটি টাটকা ফল বা দ্রুত ব্যবহার করা শাক-সবজি অসাধারণ স্বাদ এবং পুষ্টি সরবরাহ করতে পারে। তাজা ফল ও সবজি সাধারণত গঠন বা টেক্সচারের দিক থেকেও এগিয়ে থাকে। একটি গাজরের মচমচে ভাব কিংবা পাকা আমের রসালো ভাবের সাথে পাল্লা দেওয়া কঠিন।
ফ্রোজেন সবজির উপকারী দিক
ফ্রোজেন সবজি বেশিদিন টেকে, অপচয় কমায় এবং পুষ্টিকর খাবার হাতের কাছে রাখা সহজ করে তোলে। ব্যস্ত পরিবারগুলোর জন্য এটি তরকারি রান্না সহজ করে দেয়। অস্বাস্থ্যকর নাস্তার বদলে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখতেও সাহায্য করে।
রান্নার পদ্ধতি
রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। ফল বা সবজি তাজা হোক বা ফ্রোজেন, অতিরিক্ত রান্না করলে তা পুষ্টিগুণ হারাতে পারে। সবজি বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে, অন্যদিকে ভাপে সেদ্ধ, রোস্ট বা দ্রুত ভেজে নিলে সাধারণত বেশি পুষ্টিগুণ সংরক্ষিত থাকে।
এইচএন
