বিজ্ঞাপন

ভিটামিন ডি-এর অভাব দূর করতে খাদ্য তালিকায় মাশরুম যোগ করুন

ভিটামিন ডি-এর অভাব দূর করতে খাদ্য তালিকায় মাশরুম যোগ করুন

শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন হলো ভিটামিন ডি। সূর্যের আলোতে ত্বক ভিটামিনটি তৈরি করলেও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ভিটামিন ডি-এর অভাব দেখা যায়। সেই অভাব দূর করতে খাদ্য তালিকায় মাশরুম যোগ করতে পারেন। কারণ প্রোটিনে ভরপুর মাশরুম হলো ভিটামিন ডি-এর অন্যতম উৎস। 

সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা যায়, সূর্যের বিশেষত অতিবেগুনি রশ্মির জন্য মাশরুমে ভিটামিন ডি-এর পরিমাণ অনেকটা বেড়ে যায়। ভিটামিনের ইন্টারন্যাশনাল ইউনিট (আইইউ) হিসেবে ১০০ গ্রাম মাশরুমে ৭ আইইউ ভিটামিন ডি পাওয়া যায়। দিনের বিভিন্ন সময়ে সূর্যের অতি কিংবা হালকা রশ্মির ফলে মাশরুমে অল্প কিছুক্ষণের মধ্যেই আইইউ ৭ থেকে বেড়ে ৭০০তে পৌঁছে যায়। আবার ১ ঘণ্টা পর তা বেড়ে ১৩০০তে পৌঁছায়।

খাদ্য তালিকায় মাশরুম রাখার আরও কারণ হলো এটি দিয়ে স্বাস্থ্যকর রান্না করা যায়, খেতে সুস্বাদু হয়, আবার ওজন কমাতেও সহায়তা করে। বাজারে খাদ্য উপযোগী বিভিন্ন রকমের মাশরুম পাওয়া যায় যেমন : বাটন, অয়েস্টার।

মাশরুম দিয়ে কয়েকটি খাবারের পদ রান্নার রেসিপি :

মাশরুম-ব্রকোলি স্টার ফ্রাই : কড়াই বা ননস্টিক তাওয়ায় ১ টেবিল চামচ অলিভ অয়েলে ২ টেবিল চামচ রসুনকুচি নিয়ে নিন। মাশরুম ধুয়ে, কেটে কড়াইয়ে দিন। আঁচ বাড়িয়ে ২ মিনিট ভেজে নিন। এতে লবণ, সয়া সস এবং সেদ্ধ করা ব্রকোলি দিয়ে দিন। ২-৩ মিনিট রান্না করে গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নিন।

মাশরুম স্যুপ : মাশরুম ধুয়ে ছোট টুকরো করে নিন। কড়াইয়ে মাখন দিয়ে রসুন কুচিসহ টুকরো মাশরুমগুলো ভেজে নিন। মাশরুম থেকে প্রথম ধাপে পানি বেরোবে। পানি কমে গেলে পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, লবণ, গোলমরিচ দিয়ে দিন। হালকা নাড়াচাড়া করে সব্জি সেদ্ধ করার জন্য পানি যোগ করুন। শেষে লেবুর রস ছিটিয়ে দিয়ে নামিয়ে নিন। স্যুপ ঘন করতে চাইলে কর্নফ্লাওয়ার গুঁড়ো পানিতে গুলিয়ে মিশিয়ে দিতে পারেন।

চিলি মাশরুম : অলিভ অয়েল বা মাখনে রসুন, পেঁয়াজ কুচি দিয়ে কেটে রাখা মাশরুম ভেজে নিন। সয়া সস, চিলি সস, টম্যাটো সস যোগ করুন। কর্নফ্লাওয়ার মেশানো পানি দিয়ে দিন। লবণ, গোলমরিচ, কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম যোগ করুন। পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নিন।

আরএফ