বিজ্ঞাপন

স্বাস্থ্যকর মনে হলেও যে খাবারগুলো আসলে স্বাস্থ্যকর নয়

স্বাস্থ্যকর মনে হলেও যে খাবারগুলো আসলে স্বাস্থ্যকর নয়

আমরা সবাই স্বাস্থ্যকর খাবার পছন্দ করতে চাই। তাই আমরা ব্রাউন ব্রেডের সঙ্গে সাদা পাউরুটি অদলবদল করি, বিস্কুটের পরিবর্তে একটি এনার্জি বার কিংবা বা এক গ্লাস ফলের রস খেয়ে ভাবি যে আমরা আমাদের শরীরের উপকার করছি। কিন্তু যদি এই তথাকথিত স্বাস্থ্যকর খাবারগুলো ততটা পুষ্টিকর না হয়? চতুর বিপণন, রঙিন প্যাকেজিং এবং লো-ফ্যাট, মাল্টিগ্রেন এবং প্রাকৃতিক ইত্যাদি শব্দের কারণে খাবারগুলোকে স্বাস্থ্যকর মনে হতে পারে। তবে কিছু খাবার রয়েছে যেগুলো আমরা যতটা স্বাস্থ্যকর মনে করে খাই, ঠিক ততটা স্বাস্থ্যকর নয়।

ব্রাউন ব্রেড

বেশিরভাগ মানুষ ব্রাউন ব্রেড বেছে নেয় এই ভেবে যে, এটি সাদা রুটির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। কিন্তু এটা সবসময় সত্য নয়। অনেক ক্ষেত্রে, ব্রাউন ব্রেড ময়দা দিয়ে তৈরি করা হয় এবং ক্যারামেল বা গুড় ব্যবহার করে বাদামি করা হয়। এটি স্বাস্থ্যকর দেখতে হতে পারে, কিন্তু পুষ্টিগতভাবে এটি সাদা রুটি থেকে খুব আলাদা নয়। শতভাগ গমের তৈরি রুটি প্রাকৃতিকভাবে ফাইবার সমৃদ্ধ এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখবে। তাই পরের বার যখন আপনি কেনাকাটা করবেন, তখন রুটির রঙ দিয়ে বিচার করবেন না, তার পরিবর্তে উপাদানগুলো পরীক্ষা করুন।

এনার্জি বার

চতুর বিজ্ঞাপন কিছু খাবারকে স্বাস্থ্যকর হিসেবে দেখাতে পারে। এনার্জি বার ব্যস্ত সকাল, অফিসের বিরতি এবং এমনকী ওয়ার্কআউট-পরবর্তী ক্ষুধার্তের জন্য একটি জনপ্রিয় স্ন্যাক হয়ে উঠেছে। এগুলো প্রোটিন, ফাইবার এবং শক্তির প্রতিশ্রুতি দেয়, তবে এতে চিনি, সিরাপ, চকোলেট আবরণ এবং প্রিজারভেটিভ থাকতে পারে। কিছু বারে নিয়মিত চকোলেট বারের মতো প্রায় পরিমাণে চিনি থাকে। তাই স্বাস্থ্যকর হিসেবে উল্লেখ করা থাকলেও এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর হতে পারে।

স্বাদযুক্ত দই

দই হলো স্বাস্থ্যকর খাবারের মধ্যে একটি। এটি প্রোটিন, ক্যালসিয়াম এবং অন্ত্র-বান্ধব প্রোবায়োটিক সমৃদ্ধ। কিন্তু একবার চিনি, ফলের সিরাপ এবং কৃত্রিম স্বাদ যোগ করা হলে এর উপকারিতা বৈশিষ্ট্য পরিবর্তন হতে শুরু করে। অনেক স্বাদযুক্ত দইয়ে কয়েক চা চামচ যোগ করা চিনি থাকে, যা আর স্বাস্থ্যকর থাকে না। তাই দইয়ের উপকার পেতে চাইলে স্বাদযুক্ত দইয়ের বদলে টকদই বেছে নিন।

প্যাকেটজাত ফলের রস

এক গ্লাস ফলের রস আপনার প্রতিদিনের ফল খাওয়ার সবচেয়ে সহজ উপায় বলে মনে হতে পারে তবে এটি পুরো ফল খাওয়ার মতো নয়। প্রক্রিয়াকরণের সময় বেশিরভাগ ফাইবার অপসারণ করা হয়, সেইসঙ্গে এতে থাকে অনেকটা প্রাকৃতিক শর্করা। কিছু প্যাকেটজাত জুসে চিনি যোগ করা থাকে। তাই ফলের রসের চেয়ে ফলই বেশি উপকারী।

কম চর্বিযুক্ত খাবার

লো-ফ্যাট- শব্দটি আশ্বস্ত করে, কিন্তু তা পুরো গল্পটি বলে না। যখন কোম্পানি খাবার থেকে চর্বি অপসারণ করে, সেখানে স্বাদ উন্নত করতে অতিরিক্ত চিনি, লবণ বা স্টার্চ যোগ করে। তাই ফ্যাট কন্টেন্ট কমে গেলেও পণ্য আসলে স্বাস্থ্যকর না-ও হতে পারে। শুধুমাত্র সামনের লো-ফ্যাট লেবেলের দিকে না তাকিয়ে, প্যাকটি উল্টান এবং ভেতরে আসলে কী আছে তা পরীক্ষা করুন।

ভেজিটেবল চিপস

বিটরুট চিপস, পালং শাকের চিপস এবং মিষ্টি আলুর চিপস স্মার্ট স্ন্যাকসের মতো শোনাচ্ছে, কিন্তু এগুলো সবজি খাওয়ার মতো উপকারী নয়। এগুলো তেল, স্ট্যার্চ এবং প্রচুর লবণ দিয়ে ভাজা বা তৈরি করা হয়। এগুলোতে শাক-সবজি থাকতে পারে তবে সাধারণত তাজা থেকে আপনি যে পুষ্টি পাবেন তা প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট নয়।

এইচএন