আপনার কি রাতের খাবার খাওয়ার পরপরই পেট ফাঁপা লাগে? অবশ্য আপনি একা নন, আমাদের মধ্যে অনেকেরই এমন অভিজ্ঞতা হয়ে থাকে। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার জন্য একটি সহজ সমাধান হতে পারে এককাপ চা। তবে আমাদের পরিচিত সাধারণ চা নয়, তৈরি করার উপাদানগুলো একটু ভিন্ন।
এই চা-রান্নাঘরের হাতেগোনা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা হয়। সেজন্য আপনার লাগবে ১টি ছোট দারুচিনি (১-২ ইঞ্চি), ১ সেমি আদা (হালকা থেঁতো করা), ১/৪ চা চামচ মৌরি, ২-৩টি তুলসি পাতা, ১ কাপ পানি। এটি তৈরি করতে সমস্ত উপকরণ পানিতে দিয়ে ফুটিয়ে নিন এবং পাঁচ থেকে সাত মিনিট অল্প আঁচে রেখে তারপর নামিয়ে ছেঁকে পরিবেশন করুন।
কাদের সতর্ক থাকতে হবে?
খাবারের পর হজমে সাহায্য করতে এবং পেট ফাঁপা কমাতে এই চা পান করতে পারেন। যদিও এটিকে উপকারী হিসেবে বিবেচিত, তবে এই পানীয়টি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী, রক্ত পাতলা করার ওষুধ খান, যাদের রিফ্লাক্স আছে বা যারা ডায়াবেটিসের ওষুধ সেবন করেন, তাদের দৈনন্দিন অভ্যাসে এটি যোগ করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
উপাদানগুলো কীভাবে সাহায্য করে?
এই চায়ে ব্যবহৃত প্রতিটি উপাদানের সাথে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা জড়িত।
* আদা বমি বমি ভাব, বমি, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করতে পারে।
* মৌরি সাধারণত খাবারের পর খাওয়া হয় এবং এটি গ্যাস ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে।
* দারুচিনিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি হৃদরোগ ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়।
* তুলসি পুষ্টি এবং উপকারী যৌগে ভরপুর এবং এটি হজমশক্তি উন্নত করতে ব্যবহৃত হয়ে আসছে।
এইচএন
