সব সম্পর্ক একইরকম স্মৃতি রেখে যায় না। কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় এবং তারপর রেখে যায় অসংখ্য দুঃসহ স্মৃতি। বিশ্বাসঘাতকতার শিকার কোনো ব্যক্তি পরবর্তীতে আর কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। যাকে মিথ্যা বলা হয়েছে সে হয়তো সব জায়গায় মিথ্যা খুঁজতে শুরু করবে। এর অর্থ এই নয় যে সে অতিরিক্ত সন্দেহপরায়ণ বা বিশ্বাস করতে অনিচ্ছুক। আসলে আমাদের মন একই আঘাত পুনরায় ঘটতে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এক্ষেত্রে অনেক সময় নির্দোষ ব্যক্তিকে অযথা সন্দেহের বোঝা বয়ে বেড়াতে হয়।
বর্তমানের সঙ্গে অতীত মিলিয়ে ফেলা
আমাদের বর্তমান জীবনে অন্যকে কতটা জায়গা দেবো, তা অনেকটাই নির্ভর করে আমাদের অতীতের অভিজ্ঞতার ওপর। বিশ্বাসঘাতকতা, প্রতারণা বা মানসিক যন্ত্রণার অভিজ্ঞতা নতুন কাউকে বিশ্বাস করা কঠিন করে তুলতে পারে, এমনকী সেই ব্যক্তি যদি কোনো ভুল না-ও করে। মস্তিষ্ক বেদনাদায়ক অভিজ্ঞতা মনে রাখে। যে কারণে সে নিরাপদ কাউকেও ঠিক নিরাপদ বলে বিশ্বাস করতে পারে না।
বিপদ হওয়ার আগেই ভয়
অতীতের সংবেদনশীল অভিজ্ঞতা মনের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পারে। বর্তমান পরিস্থিতি অতীতের কিছুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হতে পারে এবং অন্যায়ের কোনো প্রমাণ পাওয়ার আগে ভয় দেখা দিতে পারে। যখন বর্তমান অভিজ্ঞতার সাথে অতীতের কিছু সংযোগ থাকে, তখন কোন বিপদ ঘটার আগে ভয় দেখা দেয়। এই প্রতিক্রিয়া খুব বাস্তব মনে হতে পারে, কিন্তু এটি আপনার বর্তমানের মানুষটিকে ভুল বা সন্দেহজনক প্রমাণ করার জন্য যথেষ্ট নয়।
সন্দেহের প্রমাণ প্রয়োজন, শুধু সাদৃশ্য নয়
গুরুত্বপূর্ণ প্রশ্নটি নতুন ব্যক্তিটি পুরানো ব্যক্তির মতো আচরণ করে কি না তা নয়। অসততা, অসম্মান বা বিশ্বাসঘাতকতার প্রকৃত প্রমাণ আছে কি না তা দেখতে হবে। অতীতের কারো সঙ্গে তুলনা না করে তার বাস্তব আচরণের দিকে মনোনিবেশ করা জরুরি। আপনার বর্তমান কি আসলেই আপনার জন্য হুমকিস্বরূপ না কি কেবল নিজের পুরনো দুঃখের কথা ভেবে বিচলিত হচ্ছেন? এই প্রশ্নের উত্তরটি আপনার নিজের কাছে থাকা জরুরি। নয়তো অপরজনকে অযথাই সন্দেহ করে যাবেন।
আস্থা মানে অন্ধ বিশ্বাস নয়
সুস্থ বিশ্বাস অন্ধ বিশ্বাস নয়। রেড সিগন্যালকে খারিজ করা উচিত নয়। তবে ক্রমাগত বিশ্বাসঘাতকতার প্রমাণ অনুসন্ধান করার অভ্যাস অপরজনের কাছে তদন্তের মতো মনে হতে পারে। যে ব্যক্তি কোনো ভুল করেনি সে শেষ পর্যন্ত অনুভব করতে পারে যে সে অন্য ব্যক্তির ভুলের জন্য শাস্তি পাচ্ছে। তাই অনুমান করার পরিবর্তে উদ্বেগ নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এইচএন
