বিজ্ঞাপন

কম বয়সেই চুল পড়ার সমস্যায় জেন-জি : নেপথ্যে যেসব কারণ

কম বয়সেই চুল পড়ার সমস্যায় জেন-জি : নেপথ্যে যেসব কারণ

কেবলমাত্র বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই চুল পড়বে– সকলের এমন ধারণা ভুল। মিলেনিয়াল, অর্থাৎ জেন-জির পূর্বপ্রজন্ম হয়তো চুল পেকে যাওয়া, চুলের ঘনত্ব কমে যাওয়া বা মাথার নির্দিষ্ট অংশে চুল পাতলা হয়ে যাওয়াকে বয়সজনিত কারণ বলে বিবেচনা করত। কিন্তু, এখন বয়স ২০-এর কোঠাতেই চুলের ভলিউম কমে যাওয়া, চুলের ডগা ফেটে যাওয়া, চুলের ঘনত্ব কমে যাওয়া এসব নিয়ে তরুণ-তরুণীদের চিন্তার শেষ নেই। এই অল্প বয়সেই চুল পড়ার সমস্যা তরুণ-তরুণীদের বড় চিন্তার কারণ।

ফলে পূর্বপ্রজন্মের চাইতে ত্বক ও চুলের যত্নে অনেক বেশি ব্যস্ত থাকতে দেখা যায় জেন জি-কেই। এ সমস্যা থেকে রক্ষা পেতে হরেক রকমের প্রসাধনী ব্যবহারের প্রতি আগ্রহী তারা। বিশেষজ্ঞদের মতে, এ সমস্যা পেছনে একাধিক কারণ থাকতে পারে।

দীর্ঘস্থায়ী মানসিক চাপ

অতিরিক্ত কাজের চাপ, পড়াশোনার চাপ, আর্থিক দুশ্চিন্তা, চাকরির চাপ এবং সবসময় অনলাইনে থাকার অভ্যাস শরীরের উপর বাড়তি প্রভাব ফেলে। এতে করে চুলের উপরও এর প্রভাব দৃশ্যমান হয়ে পড়ছে। আগের প্রজন্মের মানুষদের চাইতে জেনজির উপরেই এসবের প্রভাব সবচেয়ে বেশি।

dhakapost‘টেলোজেন এফ্লুভিয়াম’ হলে স্বাভাবিকের তুলনায় বেশিসংখ্যক চুলের ফলিকল দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়। আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন জানিয়েছে, তীব্র মানসিক চাপের পর টেলোজেন এফ্লুভিয়াম দেখা দিতে পারে। তাই শুধু চুলের যত্ন যথেষ্ট নয়, সাম্প্রতিক জীবনযাত্রার পরিবর্তনের দিকেও নজর দেওয়া জরুরি।

শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি

দ্রুত ওজন কমানোর চেষ্টা অথবা ক্র্যাশ ডায়েট চুলের উপর প্রভাব ফেলতে পারে। শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। প্রতিদিনের খাবারে প্রয়োজনীয় প্রোটিন, আয়রন, ভিটামিন প্রভৃতি থাকছে কি-না তা খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত স্টাইলিংয়ের কারণে স্বাভাবিকতা হারায় চুল

সব ধরনের চুল পড়ার নেপথ্যে দুর্বল ফলিকল নয়, রয়েছে অন্য কারণও। স্বাভাবিক চুলে অতিরিক্ত হিট স্টাইলিং, ব্লিচ বা রাসায়নিক ব্যবহার, চুলে বারবার রং করা, খুব টাইট করে চুল বাঁধা, হেয়ার এক্সটেনশন ব্যবহার, স্লিকড-ব্যাক হেয়ারস্টাইল, নিয়মিত স্ট্রেটনার বা কার্লিং আয়রন ব্যবহারের ফলে চুলের মাঝখান বা ডগা থেকে ভেঙে যায়।

এছাড়া, মাথার ত্বকের সংক্রমণ, হরমোনের ভারসাম্যহীনতা, বংশগত কারণ এবং ভুল প্রসাধনী ও কেমিক্যালের অতিরিক্ত ব্যবহারের ফলেও বর্তমানে চুল পড়ার অন্যতম কারণ।

জেআই

বিজ্ঞাপন