শিশুপ্রহর শেষ আজ, কাল ভাঙছে মেলা

আগামীকাল রোববার পর্দা নামতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর। মেলার শেষলগ্নে গতকাল শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন এবং সৃজনশীল প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণ ছিল শিশুদের উচ্ছ্বাসে মুখরিত। আজ শনিবার মেলার শেষ শিশুপ্রহর পালিত হবে।
বিজ্ঞাপন
গতকাল সকাল থেকেই মেলায় ছিল শিশুদের ভিড়। কাকতাড়ুয়া থিয়েটার আয়োজিত পাপেট-শো ও বায়োস্কোপ শিশুদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। এদিন মেলায় উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলামসহ বিশিষ্টজনেরা। প্রিয় ব্যক্তিত্বদের কাছে পেয়ে অটোগ্রাফ ও ছবি তোলায় মেতে ওঠে শিশু-কিশোররা।
পুরস্কার পেল যারা
বিকেলে মেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চিত্রাঙ্কনের তিন শাখায় প্রথম হয়েছেন যথাক্রমে মো. আফ্ফান আল হাসনাইন, চারুলতা রহমান জারা ও শ্রেয়া রায়। আবৃত্তিতে প্রথম হয়েছেন পূর্ণতা আদিত্য, তাসবিহা আয়ান তানহা ও সিমরিন শাহীন রূপকথা। সংগীতে প্রথম হয়েছেন শ্রীজা মন্ডল, তাসবিহা আয়ান তানহা ও রোদসী নূর সিদ্দিকী।
বিজ্ঞাপন
ফাগুনের বৃষ্টিতে ভোগান্তি
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অন্যান্য স্থানের মতো বইমেলাতেও নামে ফাগুনের বৃষ্টি। হঠাৎ আসা বৃষ্টিতে বইপ্রেমীরা স্টলে ও গাছের নিচে আশ্রয় নেন। প্রকাশকরা পলিথিন দিয়ে বই ঢেকে রক্ষার চেষ্টা করেন। এতে মেলার স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।
আইনমন্ত্রীর বইয়ের মোড়ক উন্মোচন
বিজ্ঞাপন
মেলায় ‘অন্যপ্রকাশ’ থেকে এসেছে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের নতুন বই ‘শুধু মাধবীর জন্য’। শুক্রবার বিকেলে বইটির মোড়ক উন্মোচনকালে মন্ত্রী বলেন, “এটি একটি ড্রামাটিক মনোলগ। মনের না বলা কথা ও কল্পনাগুলোকে মাধবী চরিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।” অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, মাধবী চরিত্রকে নিয়ে লেখা ১২৫টি চিঠির সংকলন নিয়ে বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে।
আজকের মেলা
আজ শনিবার মেলা শুরু হয়েছে বেলা ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর। বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : মুসলিম সাহিত্য সমাজ’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রবন্ধ পাঠ করবেন মোরশেদ শফিউল হাসান এবং সভাপতিত্ব করবেন আবুল আহসান চৌধুরী।
এমএন