রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দ্বিভাষিক মাসিক ম্যাগাজিন ‘ঢাকা হেরাল্ড’। সোমবার সন্ধ্যায় ম্যাগাজিনটির প্রকাশনা উপলক্ষ্যে ‘গল্প-কথা-আড্ডায় প্রিয় ঢাকা: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক প্রাণবন্ত লেখক আড্ডা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি সহিদুল আলম স্বপন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক, গবেষক ও চিন্তক ড. কাজল রশীদ শাহীন, বাংলা একাডেমির উপপরিচালক ড. মোজাম্মেল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট শুভ কিবরিয়া, সাংবাদিক হোসেন শহীদ মজনু, বিজ্ঞান লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর, সুইজারল্যান্ড প্রবাসী তানিয়া স্বপন এবং ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন মাহমুদুল ইসলাম, ইমরান ইমন, ‘দ্য এশিয়ান এজ’-এর মাহফুজ উল হাসিব চৌধুরী, আদনান হাদী, হাসান আল বান্না ও আবু জাফর। অনুষ্ঠানে আনিস খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
‘ঢাকা হেরাল্ড’-এর মতো একটি ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় ম্যাগাজিন প্রকাশের সাহসী পদক্ষেপ নেওয়ায় এর সম্পাদকীয় দল ও উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেছেন আমন্ত্রিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন, এই মাসিক ম্যাগাজিনটি কেবল বাংলাদেশে নয়, বরং বিশ্বজুড়ে সৃজনশীল লেখালেখি ও উন্নত চিন্তার প্রসারে এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ঢাকা হেরাল্ড’-এর উদ্বোধনী সংখ্যাতেই আমেরিকা, রাশিয়া, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত একদল প্রবাসি বাংলাদেশি লেখক ও চিন্তক যুক্ত হয়েছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ম্যাগাজিনটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি আরও বর্ণাঢ্য ও প্রাণবন্ত করেছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা অভিভাবক ও শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে বই পড়ার পাশাপাশি প্রবন্ধ, গল্প, কবিতা ও ফিচার লেখায় আরও বেশি উৎসাহিত করতে হবে। তারা প্রত্যাশা করেন, সৃজনশীল মেধা বিকাশের এই মহতী উদ্যোগে ‘ঢাকা হেরাল্ড’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
ম্যাগাজিনটির উদ্বোধনী সংখ্যাটিতে সমসাময়িক ভূ-রাজনৈতিক সংকট, দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন, রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী এবং সমৃদ্ধ সাহিত্য স্থান পেয়েছে। বাংলা ও ইংরেজি— উভয় ভাষার চমৎকার সব লেখার সমন্বয়ে তৈরি এই ম্যাগাজিনটির বিষয়বৈচিত্র্য এবং দৃষ্টি নন্দন বিন্যাস দেখে অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন।
তারা ‘ঢাকা হেরাল্ড’-এর এই যাত্রাকে ভূয়সী প্রশংসায় ভাসানোর পাশাপাশি ম্যাগাজিনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
এমএআর/
