কেনা বেচা
তুমি ভালোবাসা কেনাবেচা করো,
তার দাম চুকিয়েছি আমি আমার হৃদয় দিয়ে।
তুমি স্বপ্ন কেনাবেচা করো,
তার দাম চুকিয়েছি আমি আমার রক্ত দিয়ে।
তুমি বিশ্বাস কেনাবেচা করো,
তার দাম চুকিয়েছি আমি আমার নিঃশ্বাস দিয়ে।
তুমি সম্পর্ক কেনাবেচা করো,
তার দাম চুকিয়েছি আমি আমার মগজ দিয়ে।
তুমি প্রতিশ্রুতি কেনাবেচা করো,
তার দাম চুকিয়েছি আমি আমার দেহ দিয়ে।
তুমি প্রেম কেনাবেচা কর,
তার দাম চুকিয়েছি আমি আমার চক্ষু দিয়ে।।
-------------------------------------------------
নিভে যাওয়া আলো
মানুষ আমাকে বলে আলোর দিকে তাকাতে,
কিন্তু আমি যখনই সেই আলোর দিকে তাকাই—
তখনই সেই আলো যায় নিভে।
অন্ধকারে দেখতে পাই আমার অস্তিত্বকে,
দেখতে পাই একটি ছোট্ট নবজাতক শিশু,
যার চোখ উপড়ে ফেলা হয়েছে।
আরও দেখতে পাই একদল সাদা কাফনের কাপড় পরা লোক,
তারা আমায় ডাকছে,
ডেকে বলছে—
‘আসো আমাদের সাথে,
তাহলেই খুঁজে পাবে শান্তি...’
-------------------------------------------------
চিরস্থায়ী
মানুষ বলে, কোনো কিছুই নাকি চিরস্থায়ী নয়,
তাহলে আমার জীবনে সব গ্লানি কেন এত চিরস্থায়ী?
আমি ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করি—
যেন আমার জীবনের সব গ্লানি ধুয়ে মুছে যাক।
আমি যখনই ঘুরে দাঁড়াতে চাই, তখনই পড়ে যাই,
মনে হয় যেন কোনো এক অদৃশ্য সুতা আমায় ধরে পিছু টানে!
আমি যখনই সেই সুতা টেনে ছিঁড়ে ফেলতে চাই,
তখনই সুতা আমায় আরও শক্ত করে আটকে ধরে!
আমি চাই সেই সুতার বাঁধন থেকে মুক্তি পেতে,
কিন্তু এর কোনো উপায়ই যে আমার জানা নেই!
কেউ যদি জেনে থাকো এর উপায়,
তাহলে আমায় জানিও...
-------------------------------------------------
মহাসাগর
মহাসাগরে ঢেউ উঠছে আগুনের,
তুমি সেই ঢেউয়ে পুড়ছ—
আমি সেই দৃশ্য নীরবে উপভোগ করছি।
মহাসাগরে ঢেউ উঠছে আগুনের...
