মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজেএ)।
বিজ্ঞাপন
আজ (শনিবার) সকালে সংগঠনটির নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস বলেন, নতুন সরকার প্রতিষ্ঠার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ গণতন্ত্র চর্চা অব্যাহত রেখে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং এটিএন বাংলা ডিজিটাল অনলাইনের নিউজ এডিটর আল ইমরান বলেন, ‘ভাষা আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি। আমাদের প্রত্যাশা হলো, সব সরকারি কার্যক্রম বাংলা ভাষায় পরিচালিত হোক এবং সব ভাষার আগে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হোক।’
বিজ্ঞাপন
পুষ্পস্তবক অর্পণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সংগঠনের সদস্য মোহাম্মদ শরীফ, পার্থ ঘোষ, ইসমাইল সিরাজী ও রাজুসহ অন্যরা।
বিআরইউ
