অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

অমর একুশে বইমেলা-২০২৬ প্রাঙ্গণে পাঠকদের জন্য এসেছে সাংবাদিক ও লেখক জহিরুল ইসলামের নতুন দুটি বই। এর একটি হলো তুরস্কের ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা ভ্রমণকাহিনি ‘আয়া সোফিয়ার নীরবতা’ এবং অন্যটি কিশোরদের জন্য লেখা রহস্য-রোমাঞ্চ গল্পের বই ‘তিন বন্ধুর রহস্যজট: ভূত নয়, সত্যি’।
বই দুটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন।
মেলায় টাঙ্গন প্রকাশনের ৫১৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো। এছাড়া বাংলা একাডেমির নজরুল মঞ্চের পাশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫৫৭ নম্বর স্টল এবং অনলাইনে রকমারি ডটকম থেকেও বই দুটি সংগ্রহ করতে পারবেন পাঠকেরা।
লেখকের ‘আয়া সোফিয়ার নীরবতা’ বইটি মূলত ২০২২ সালের জুনে ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা। তবে এটি শুধু একটি প্রথাগত ভ্রমণকাহিনি নয়; বরং মানুষের নীরব ভাঙন, ধীরে ধীরে বদলে যাওয়া এবং অচেনা মানুষের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের গল্প। ইস্তাম্বুলের শীতল নির্মল বাতাস, নীল সমুদ্র, দিগন্তজোড়া ব্রিজের আলো, গ্র্যান্ড বাজারের বিশৃঙ্খলা, তাকসিমের ভিড় এবং প্রিন্সেস আইল্যান্ডের শান্ত নীল রূপ– প্রতিটি অনুষঙ্গই লেখকের ভেতরে খুলে দেয় নতুন জানালা।
ভ্রমণকাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে আমির, নাজানা, এলিফ ও রাহমেত নামের চার চরিত্র। পাশাপাশি ওমর ফারুক হেলালী, আব্দুল্লাহ আল মামুন ও মিনহাজুল আবেদীনের মতো বাস্তব চরিত্রগুলোর উপস্থিতিও গল্পটিকে জীবন্ত করে তুলেছে। তাদের জীবন, স্বপ্ন, সফলতা ও ব্যর্থতার গল্পের মধ্য দিয়ে লেখকের নিজের পরিবর্তনের পথও ধরা পড়েছে বইটিতে।
অন্যদিকে ‘তিন বন্ধুর রহস্যজট: ভূত নয়, সত্যি’ একটি কিশোর রহস্য-রোমাঞ্চ গল্প। কুমিল্লা শহরের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সব রহস্যকে ঘিরেই এগিয়েছে এর কাহিনি। কখনো নির্জন চরে জেগে ওঠা রক্তমুখী শিলার আতঙ্ক, কখনো মাটির নিচে হাজার বছরের পুরোনো মুদ্রার অভিশাপ, আবার কখনো আধুনিক বিজ্ঞানের আড়ালে স্মৃতি চুরির অদ্ভুত ঘটনা; এসব রহস্যের জট খুলতে এগিয়ে আসে তিন কিশোর– মগজ রায়হান, সাহসী বাদল ও টেক-জিনিয়াস তুহিন। চৌধুরীপাড়ার অভিশপ্ত ‘রক্তচিহ্নের ঘর’কে ঘিরে তাদের এই রুদ্ধশ্বাস অভিযানের গল্প পাঠকদের দারুণ এক অভিজ্ঞতা দেবে বলে আশা প্রকাশ করেছেন লেখক।
টাঙ্গন প্রকাশন কর্তৃপক্ষ জানায়, মেলায় জহিরুল ইসলামের নতুন বই দুটি ইতোমধ্যে পাঠকদের আগ্রহ কাড়ছে। এছাড়া একই স্টলে গত বছরের অমর একুশে বইমেলা-২০২৫-এ প্রকাশিত লেখকের ‘অধরা স্বপ্ন’ এবং ‘তিন বন্ধু ও রহস্যজট’ বই দুটিও পাওয়া যাচ্ছে।
পেশাগত জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত জহিরুল ইসলাম বর্তমানে দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র থাকা অবস্থায় দ্বিতীয় বর্ষ থেকেই তার সাংবাদিকতায় পথচলা শুরু হয়। সেখান থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
জহিরুল ইসলামের জন্ম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়; তার পিতা এ বি এম আব্দুল লতিফ এবং মাতা নাজমা বেগম।
এএসএস/বিআরইউ