বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় পিছিয়ে পড়া বরিশাল বিভাগকে মূলধারায় নিয়ে আসতে নিজের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দপ্তর সম্পাদক মিজান শাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও অংশ নেন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার এবং বরিশাল বিভাগ সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু। ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ সমিতির চার শতাধিক সদস্য এতে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শামীম ও সদস্য সচিব সাইরাস মাহমুদ অতিথিদের স্বাগত জানান। ইফতার শেষে সমিতির গুণী সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একইসাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরও সম্মাননা প্রদান করে সমিতির নির্বাহী কমিটি।
বিজ্ঞাপন
ঢাকায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ নেতৃত্বে থাকা বরিশাল বিভাগের ১০ জন কৃতি সাংবাদিককে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— ওবায়দুর রহমান শাহীন (সভাপতি, বিএফইউজে), আবু সালেহ আকন (সভাপতি, ডিআরইউ), মাইনুল হাসান সোহেল (সাধারণ সম্পাদক, ডিআরইউ), খোন্দকার কাওছার হোসেন (সভাপতি, পিআরএফ), গাযী আনোয়ার (সভাপতি, আইআরএফ), মনির হোসেন (সভাপতি, সিএমজেএ), কাজী জেবেল (সভাপতি, আরএফইডি), শফিকুল ইসলাম শামীম (সাধারণ সম্পাদক, বিএসজেসি), রাহাত সাইফুল (সাধারণ সম্পাদক, বাচসাস) এবং জাওহার ইকবাল খান (সাধারণ সম্পাদক, ডিএসইসি)।
বরিশাল বিভাগের ৬টি জেলা— বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের ঢাকায় কর্মরত সাত শতাধিক সংবাদকর্মীর প্রাণের সংগঠন ‘বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’।
সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সংগঠনটিকে একটি মডেল হিসেবে রূপ দিতে কাজ চলছে। মূলধারার সংবাদকর্মীদের জন্য এটি হবে ঢাকার সবচেয়ে বড় ও শক্তিশালী প্ল্যাটফর্ম।
বিজ্ঞাপন
এমএন