বিজ্ঞাপন

পুষ্টি সচেতনতায় চট্টগ্রামে সাংবাদিকদের দেশীয় ফল উৎসব

পুষ্টি সচেতনতায় চট্টগ্রামে সাংবাদিকদের দেশীয় ফল উৎসব

নতুন প্রজন্মের কাছে দেশীয় হরেক রকমের ফলের পরিচিতি তুলে ধরা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব-২০২৬। 

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে উৎসবের আয়োজন করে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ)।

টিসিজেএ’র সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন। এর আগে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

উদ্বোধকের বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্য সুরক্ষায়ও এর ভূমিকা অনন্য। নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন সত্যি প্রশংসনীয় ও সময়োপযোগী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, স্থানীয় পর্যায়ে ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। তিনি সাংবাদিকদের এই ধরনের সামাজিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং টিসিজেএ’র কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশীয় ফলের ঐতিহ্য টিকিয়ে রাখা, ফলের গুণাগুণ সম্পর্কে মানুষকে জানানো এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আলোচনা পর্ব শেষে অতিথিরা উৎসবের বিভিন্ন স্টলে প্রদর্শিত দেশীয় ফলের প্রদর্শনী ঘুরে দেখেন। গণমাধ্যমকর্মী, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

আতিকুল হা-মীম/এমএসএ