চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে সাংবাদিকদের এক প্রীতি ফুটবল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর, রোমাঞ্চকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে জয়লাভ করেছে ব্রাজিল। টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে এই জমকালো ম্যাচের আয়োজন করা হয়।
খেলা শেষে মাঠে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দিন।
এ সময় মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। মাঠের এই লড়াই পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।’
ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী।
এ ছাড়া, আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এবং সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দলে ভাগ হয়ে টিসিজেএ-র সদস্যরা মাঠে নামলে শুরু থেকেই ম্যাচটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমার্ধে চরণ টিপুর চমৎকার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি তারা, ব্রাজিলের হয়ে অনিক বিশ্বাস গোল করে সমতা ফেরান। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ বাড়িয়ে ব্রাজিলের পক্ষে লিড নেন এনামুল হক। ম্যাচের শেষ মুহূর্তে টানটান উত্তেজনার মাঝে সুমন গোস্বামীর গোলে আর্জেন্টিনা সমতায় ফিরলে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়।
ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে টাইব্রেকারের সাডেন ডেথে ৫-৪ (টাইব্রেকার ও সাডেন ডেথ মিলিয়ে) ব্যবধানে জয় উল্লাসে মাতে ব্রাজিল শিবির।
এসএএস/এনএফ
