নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন নেক্সাস টেলিভিশনের রিপোর্টার ফরিদুল করিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন। তারা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় শহরের এক রেঁস্তোয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ দুই পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন।
বাকী ১২টি পদের মধ্যে সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এম আর রকি, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ ও ডিবিসি নিউজের রিপোর্টার একে সাজু, অর্থ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, দপ্তর সম্পাদক পদে এসএ টিভির জেলা প্রতিনিধি এম আর রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ, স্টার নিউজের রিপোর্টার তৌহিদ ইসলাম, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাকিব রাইহান ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. কায়েস উদ্দিন বলেন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাইবাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল কমিশন। পরে নির্ধারিত সময়ে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। সেই মর্যাদা এবং সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য রেখে সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই। সাংবাদিকদের মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা সর্বোপরি অধিকার নিশ্চিত করতে আগামী দিনে জোড়ালোভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মনিরুল ইসলাম শামীম/এসএইচএ
