বিজ্ঞাপন

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিজেপিসির ঢাকা বিভাগীয় কমিটি

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিজেপিসির ঢাকা বিভাগীয় কমিটি

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও দক্ষতা উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির।

কমিটিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজামকে আহ্বায়ক, স্টার নিউজের মাহদি হাসানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট তরুণ লাল বেগিকে সমন্বয়ক করা হয়েছে।

একই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের নাম ও দায়িত্ব সংগঠনের পক্ষ থেকে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মতবিনিময় সভায় ঢাকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের চাপ ও ঝুঁকি, সাংবাদিকদের অধিকার এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে রাজধানীতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির মুখোমুখি হন। একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতার জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সাংবাদিকরা যাতে ভয়ভীতি, চাপ বা কোনো ধরনের বাধা ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।

কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ঢাকার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কর্মসূচি ও সহায়তামূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।

আয়োজকেরা জানান, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ২০২৪ সালে খুলনা থেকে কার্যক্রম শুরু করে। এরপর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে এবং আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় পরিচালিত সাংবাদিক সুরক্ষা ও উন্নয়নমূলক একটি উদ্যোগ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি।

সংগঠনটির অন্যতম লক্ষ্য সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ তৈরিতে সহায়তা করা, পেশাগত সক্ষমতা বাড়ানো এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা।

এমএইচএন/বিআরইউ