সাংবাদিকদের ভাষাগত দক্ষতা ও পেশাগত যোগাযোগ সক্ষমতা বাড়াতে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)। ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং বিভিন্ন ভাষা শেখানোর প্ল্যাটফর্ম হেডম্যান অ্যাকাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সালেহ শিবলী বলেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং কোনো বিষয়ে প্রতিবাদ করার সময় প্রত্যেকের শালীনতা বজায় রাখা উচিত। শুধু বাক্স্বাধীনতা সম্পর্কে জানলেই হবে না, বাক্শালীনতাও শেখা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে যোগাযোগের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে কাজ করতে হলে একাধিক ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। ভাষা শেখার মাধ্যমে যোগাযোগের দক্ষতা বাড়ার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি ও সমাজকে বোঝার সুযোগ তৈরি হয়।
অন্যান্য বক্তারা বলেন, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সাংবাদিকতার পরিধি আগের তুলনায় অনেক বিস্তৃত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ, গবেষণা, নীতিনির্ধারণী নথি ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের বক্তব্য বুঝতে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ। বিদেশি সাংবাদিক, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রেও ভাষাজ্ঞান বাড়তি সুবিধা দেবে।
তারা বলেন, ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে নিয়মিত ভাষা শিক্ষা, কথোপকথন ও পেশাগত যোগাযোগের প্রশিক্ষণের সুযোগ তৈরি করা গেলে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তা কার্যকর ভূমিকা রাখবে। ইংরেজির পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষা শেখার সুযোগ তৈরি করা গেলে আন্তর্জাতিক সাংবাদিকতায় ইআরএফ সদস্যদের অংশগ্রহণও বাড়বে।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা হয়েছে। ভবিষ্যতে সদস্যদের প্রয়োজন ও আগ্রহ বিবেচনায় নিয়ে বিভিন্ন ভাষা শেখানোর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে শামসুল হক জাহিদ ও ইমাম হোসেন ভাষা শিক্ষার গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত দক্ষতা এবং পরিবর্তনশীল বিশ্বে কার্যকর যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।
আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। এর মাধ্যমে সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পেশাগত যোগাযোগ ও সাংবাদিকতার সক্ষমতা উন্নয়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
এমএইচএন/আরএফ
