বিজ্ঞাপন

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে মঙ্গলবার (১২ এপ্রিল)। রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে ৭ এপ্রিল রাত ৯টায় সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

মঙ্গলবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ১ মেগাওয়াট। আমরা উৎপাদন করেছি ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।

সাইফুল হাসান চৌধুরী আরও বলেন, এ মুহূর্তে আমাদের ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে। 

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও মঙ্গলবার রাতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি জানানো হয়েছে। 

এতে আরও জানানো হয়, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এসএইচআর/আরএইচ