বিজ্ঞাপন

আজ খুলছে নিউ মার্কেট

অ+
অ-
আজ খুলছে নিউ মার্কেট

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে পরপর দুদিন বন্ধ ছিল রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। সবপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেটের বিপণিবিতানগুলো খুলে দেওয়া হবে— এমনটি জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ।

বিজ্ঞাপন

বুধবার (২০) গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানান নেহাল আহমেদ। বৈঠকে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকানমালিক সমিতির নেতৃবৃন্দ, ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজের পাশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেটসহ এর আশপাশের সব দোকানপাট খুলে দেওয়া হবে। আর ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

dhaka post

শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে তিনি বলেন, ছাত্রদের দাবিগুলোর প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাদের প্রায় সবগুলো দাবিই যৌক্তিক। ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের দাবিগুলো মানা হয়েছে। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে শিগগিরই একটি মনিটরিং সেল গঠন করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, টানা দুদিনের সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, একজন মারাও গেছেন। আহত-নিহতদের পরিবারের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দল দেখা করবে। একই সঙ্গে তাদের আর্থিক সহযোগিতাও দেওয়া হবে।

বৈঠকে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ছাত্রদের করা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঢাকা কলেজে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা আসলেই দুঃখজনক। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন, একজন মারাও গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

dhaka post

তিনি বলেন, ছাত্রদের অনেকগুলো যৌক্তিক দাবির কথা আজকের বৈঠকে উঠে এসেছে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করেছি। পুলিশ বাহিনীর বিরুদ্ধে ছাত্ররা যে অভিযোগ করেছেন, সে বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে দোকানকর্মীদের সংঘর্ষের পেছনে তৃতীয়পক্ষের উস্কানি ছিল বলে দাবি করেন নেহাল আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ জানিয়েছে, এটি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।’

এমএইচএস

বিজ্ঞাপন