বিজ্ঞাপন

সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ বাড়ানোর দাবি সংসদে

সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ বাড়ানোর দাবি সংসদে

বর্তমান সময় বিবেচনা করে সামাজিক সুরক্ষার বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য চাঁদপুর-৫ আসনের রফিকুল ইসলাম।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা— এসব ভাতাগুলো এখনো যতজন পাওয়ার কথা তাদের অনেকে পাচ্ছেন না। বর্তমানে সর্বোচ্চ ভাতা ৭০০ টাকা। এই  দুর্মূল্যের বাজারে ৭০০ টাকা দিয়ে জীবন ধারণ কোনোমতেই সম্ভব না। তিনি এই ভাতা ন্যূনতম ২ হাজার টাকা করার দাবি জানান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

রফিকুল ইসলাম বলেন, অনেক সচ্ছল ব্যক্তি বয়স্ক ভাতা পান। যেখানে অতি নিম্ন আয় বা আয়হীন সব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বেঁচে থাকার ন্যূনতম সব ভাতা দেওয়া যাচ্ছে না, সেখানে সচ্ছল ব্যক্তিদের ভাতা দেওয়া ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। এসব বন্ধ করে যারা পাওয়ার উপযুক্ত তাদের সবাইকে ভাতার আওতায় এনে ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব করেন তিনি।

বাবার নামে আবদার

কিশোরগঞ্জের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিককে পাঁচ মিনিট সময় দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পাঁচ মিনিট শেষ হলে তৌফিক আরও দুই মিনিট সময় বাড়াতে ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেন। এসময় তৌফিক ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আমার বাবাও (সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার আবদুল হামিদ) আপনার আসনে বসতেন, সেই হিসেবে আমি আপনার কাছে সুবিধা চাইব। তৌফিক বলেন, দুই-তিন মিনিট সময় দেন। তৌফিকের এভাবে সময় চাওয়ার আবেদনে সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। তখন ডেপুটি স্পিকার তৌফিককে উদ্দেশ্য করে বলেন, বলতে থাকুন।

অনির্ধারিত আলোচনায় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, শব্দ দূষণের কারণে রাস্তায়.. মোটর সাইকেলেও হাইড্রোলিক হর্ন। সমস্ত কিছুতে হাইড্রোলিক হর্ন। কান ঝালাপালা হয়ে যায়। মনে হয় দেশে কোনো আইন নেই। বিভিন্ন কনসার্ন বিভাগ আইনের প্রয়োগ করছে না। এটা খুবই জরুরি। স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়সহ যারা কনসার্ন আছেন এ বিষয়টা জনগণের স্বার্থে দেখা হয়।

এসআর/এসএম

বিজ্ঞাপন