‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের টর্চার সেলে মানুষজনকে নির্যাতনের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, মানবপাচার আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুইটি মামলা দায়ের হয়েছে। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে একটি মামলা হয়েছে। অন্যদিকে, তার আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, মানবপাচারের মামলা নিয়ে ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এ অভিযোগে তার বিরুদ্ধে জাল জালিয়াতির ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া, মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন।
আজকেই মিল্টনকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিসি মানস কুমার।
এর আগে, বুধবার (১ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা।
এমএসি/কেএ
