বিজ্ঞাপন

অভিবাসন প্রত্যাশীদের জন্য কমিটি গঠন করতে যাচ্ছে সরকার

অভিবাসন প্রত্যাশীদের জন্য কমিটি গঠন করতে যাচ্ছে সরকার

অভিবাসন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের পদক্ষেপ গ্রহণসহ অভিবাসন প্রত্যাশীদের নানা জটিলতা চিহ্নিতকরণ ও তা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। এ কমিটির নাম হবে ‘উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি’।

মঙ্গলবার (১৪ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষ জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি বিষয়ক পর্যালোচনা সভায় এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সির মেলবন্ধন হিসেবে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমন্বয়ে উপজেলা পর্যায়ে ‘উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করতে যাচ্ছে সরকার।

সভায় জানানো হয়, উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি অভিবাসন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ,  প্রতারিত কর্মীদের প্রতিকার প্রদান এবং প্রত্যাগত কর্মীদের পুনঃএকত্রীকরণে সহায়তা করা, অভিবাসন সংক্রান্ত সেবা প্রাপ্তি/প্রদানে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী মধ্যে বিদ্যমান গ্যাপ চিহ্নিত করে তা উত্তরণে পরামর্শ প্রদান, স্থানীয় প্রতিষ্ঠান, সেবা দানকারী সংস্থা, উপকারভোগীদের তথ্য প্রাপ্তিতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এনআই/এসকেডি