বিজ্ঞাপন

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার তহবিলে একদিনের বেতন দিচ্ছে ইসি

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার তহবিলে একদিনের বেতন দিচ্ছে ইসি

বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২৮ আগস্ট) ইসির উপসচিব মো. হেলাল উদ্দিন খান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের অফিসসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

আরও উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুবিভাগ/অধিশাখা ভিত্তিক, সকল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের মাধ্যমে, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তা-কর্মচারীরা মহাপরিচালকের মাধ্যমে এবং মাঠপর্যায়ের অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে মূল বেতনের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে জমা প্রদান করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এক্ষেত্রে আউটসোর্সিং এ কর্মরতদের ক্ষেত্রে প্রাপ্ত মোট বেতনের অর্ধেককে মূল বেতন হিসেবে বিবেচনা করতে হবে।

এসআর/এমজে