তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই; ওয়েজবোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে।
সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা কী ছিল তা নিবিড়ভাবে পর্যালোচনা করতে হবে। এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনোকিছুই প্রচার করেনি।
আরও পড়ুন
তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সে বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দাসসুলভ আচরণের সুযোগ নেই। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়েই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে এবং এই পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে হবে।
জেইউ/এমএসএ
