বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছাত্রলীগের বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে আবরার ফাহাদের এ মহান ত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৭ অক্টোবরকে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’ পালনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালিতে তার কবর জিয়ারত করা হয়। এ সময় ছাত্রজনতার সঙ্গে আবরার ফাহাদের দাদু ও চাচা জিয়ারতে অংশ নেন।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল মুক্তিকামী মানুষকে এ দিনে ‘জাতীয় আগ্রাসন বিরোধী দিবস’পালনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।
আরও পড়ুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, চব্বিশে ছাত্রজনতার অভূতপূর্ব অভ্যুত্থানে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রামের সূচনা হয়েছে, শহীদ আবরার হলেন আমাদের সেই সংগ্রামের প্রবাদ পুরুষ। আমরা তার ত্যাগকে স্মরণ করে সকল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।
তিনি বলেন, হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছে, শহীদ আবরার হলেন সেই সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। যিনি আমাদের সকল আধিপত্যবাদ ও তাঁবেদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন।
শহীদ আবরারের কবর জিয়ারত শেষে উপস্থিত ছাত্র জনতার পক্ষ থেকে ৭ অক্টোবর ‘আগ্রাসন বিরোধী দিবস’ ঘোষণা করার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানায় ইনকিলাব মঞ্চ।
কেএইচ/এসকেডি
