কিশোরগঞ্জের ভৈরব হাইওয়েতে ট্রাকের ধাক্কায় সূর্য ঘোষ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের হেলপার ছিলেন।
বুধবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সূর্য কিশোরগঞ্জ সদরের মন্টু ঘোষের ছেলে। বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন
নিহতের সহকর্মী মাসুদ জানান, সূর্য একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের হেলপার ছিল। গত রাতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সূর্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ
