বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে মোট ৬ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হলো।
বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এ বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন একটি, স্টিলের চাপাতি একটি, বার্মিজ চাকু দুটি, স্টিলের জং ধরা ছুরি একটি ও স্টিলের কিরিচ একটি।
এর আগের ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে ৫০৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদর দপ্তর। এ সময় অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় ১ হাজার ১৪১ জনকে।
বিজ্ঞাপন
গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।
জেডএস
