বিজ্ঞাপন

সাবলেট বাসা ভাড়া নিয়ে চুরি, ৬১টি ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

সাবলেট বাসা ভাড়া নিয়ে চুরি, ৬১টি ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও তোফায়েল আহম্মেদ (২৬)।

রোববার (৩০ মার্চ) রাজধানীর পল্লবী থানার কালশী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার জনৈক মো. সাকিব ও তার সহপাঠী একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেওয়ার জন্য গত ২১ মার্চ বিকেল সাড়ে ৫টায় সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসে মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। বাসা পছন্দ হলে তিনি সাবলেট বাসা ভাড়া নেন।

এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে তিনি চলে যান এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দেবেন বলে জানান।

পরে রাত সোয়া ৮টায় সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায়। এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ৩০ মার্চ একটি মামলা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।

এরপর পল্লবী থানার কালশী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও তার আরেক সহযোগী তোফায়েল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চোরাই করা ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ২৮ হাজার টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেইউ/এসএসএইচ