বিজ্ঞাপন

মহার্ঘভাতা দেওয়াসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে মৌন প্রতিবাদ সমাবেশ

মহার্ঘভাতা দেওয়াসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে মৌন প্রতিবাদ সমাবেশ

মহার্ঘভাতা দেওয়া, সচিবালয় রেশনভাতা চালু, নবম পে-কমিশন গঠন, অভিন্ন নিয়োগবিধি প্রণয়নে কমিটি গঠনের বিরোধিতা, পদনাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে মৌন প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এতে সচিবালয়ে কর্মরত কর্মচারীরা অংশ নেন।

বৃহস্পতিবার (৮ মে) সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় সমবেত হয়ে এ প্রতিবাদ জানানো হয়। 

প্রথমে তারা সচিবালয়ের ৪ নম্বর ভবনের পেছনের ক্যান্টিনে সভা করেন। সেখানে সচিবালয়ের মধ্যে মৌন প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে তারা ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় গিয়ে কয়েক মিনিট মৌন প্রতিবাদ জানান।

এসময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী সোমবার (১২ মে) সভা করে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, আমরা আমাদের দাবি-দাওয়া আদায়ে আজ মৌন সমাবেশ করলাম। দাবি পূরণ না হলে আগামী সোমবার আমরা সভা করে  কঠোর কর্মসূচিতে যাবো।

এসএইচআর/জেডএস

বিজ্ঞাপন