বিজ্ঞাপন

ঐকমত্য কমিশনের সংলাপ

ফায়ার অ্যালার্ম সক্রিয়তা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা

ফায়ার অ্যালার্ম সক্রিয়তা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালীন ফায়ার অ্যালার্ম সিস্টেম আকস্মিক সক্রিয় হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, ফরেন সার্ভিস একাডেমিতে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালীন আনুমানিক দুপুর ১২টা ২০ মিনিটে একাডেমিতে স্থাপিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফায়ার অ্যালার্ম সিস্টেম আকস্মিক সক্রিয় হয়ে পড়ে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাডেমিতে কর্তব্যরত কর্মচারীরা অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধান করেন। প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরনের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে পরিচালক, ফরেন সার্ভিস একাডেমিকে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনআই/এসএসএইচ