বিজ্ঞাপন

রায়েরবাজারে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, যুবককে কুপিয়ে জখম

রায়েরবাজারে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, যুবককে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি খান (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারটেক্স গলি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘দাঁতভাঙা সোহাগ’ গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ গ্যাং ‘পিচ্চি আবীর’ গ্রুপের সদস্য রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রনির বড় ভাই রকি বলেন, আমার ভাই এখন মোহাম্মদপুর এলাকায় থাকে না। বর্তমানে মেঘনা ভাটার চর এলাকার সিনোবাংলা নামে একটি কোম্পানিতে চাকরি করে। কবে এখানে এসেছে আমরা জানি না। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, মাথার হাড় ভেঙে গেছে, হাঁটুর হাড় প্রায় বিচ্ছিন্ন, শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন আছে।

তিনি অভিযোগ করেন, দাঁতভাঙা সোহাগ গ্রুপের সোহাগ ও রিপনসহ ১৫–১৬ জন মিলে তার ভাইকে এলোপাতাড়ি কুপিয়েছে।

রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান বলেন, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আহত রনির বিরুদ্ধেও মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা আছে। তার নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এসএএ/এআইএস