বিজ্ঞাপন

মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মৃতদেহ শনাক্ত করার পর দ্রুত সময়ের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যেসব মৃতদেহ শনাক্ত করা যাবে না সেগুলো কিছুদিন রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।

ঢামেক পরিচালক বলেন, আগুনের ঘটনায় আমরা ১৬ জনের মৃতদেহ পেয়েছি। তাদের মধ্যে নয়জন পুরুষ, ৭ জন নারী। লাশগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে যে, শনাক্ত করা খুব কঠিন। এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন তারা তাদের আত্মীয় বা স্বজনকে শনাক্ত করতে পেরেছেন। তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চায় না।

তিনি বলেন, তাই আমদের সিদ্ধান্ত হচ্ছে, সবার ডিএনএ স্যাম্পল রেখে লাশ হস্তান্তর করা হবে। যেসব লাশের দাবি কেউ করবে না সেগুলো আমরা কয়েকদিন দেখব। তারপর হয়ত আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, মিরপুর থানা পুলিশ এটা নিয়ে কাজ করছে। পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, ওনারা দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা যায়।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে একটি পোশাক কারখানা ভবন এবং তার উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুনের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এনআই/এমএন