বিজ্ঞাপন

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে রক্তচোষা জনিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনি ও তার দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ রক্তচোষা জনিকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ।

এমএসি/এআরবি