যাত্রাবাড়ীতে ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীর পুবাইল এলাকায় একটি ভাড়া বাসায় মো. রনি (১৩) নামের এক কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে দনিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনির বাবা নুর আলম জানান, আমার ছেলে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গতরাতে পড়াশোনার জন্য বকাঝকা করলে অভিমানে বাথরুমের শাওয়ারের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস