বিজ্ঞাপন

নিরাপত্তা উপদেষ্টার বিমানের পরিচালক হওয়ার প্রশ্নে খলিলুর রহমান

বিশ্বে কোথাও বিমান নেই

বিশ্বে কোথাও বিমান নেই

বিশ্বের কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রশ্নে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বলেছেন, বিশ্বে কোথাও বিমান নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। পরে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র বলছে, এ দিন দুপুর দেড়টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রায় দুই ঘণ্টা ধরে চলে খ‌লিল ও তৌ‌হিদের বৈঠক। তবে বৈঠকে আলোচনার বিষয়ে কিছুই জানা যায়নি।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি হচ্ছে। পরের সরকার এসব চুক্তির ধারাবাহিকতা রাখবে কি না– এমন প্রশ্নও রাখা হয় নিরাপত্তা উপদেষ্টার কাছে।

জবাবে খ‌লিলুর রহমান বলেন, এটা হাইপোথিটিক্যাল (অনুমান নির্ভর) প্রশ্ন। এটা একটি চলমান প্রক্রিয়া।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। পরিচালক পদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান (উপদেষ্টা পদমর্যাদা), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

হঠাৎ তিনজনকে বিমানে পরিচালনা পর্ষদে আনা নিয়ে বিভিন্ন মহলে ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

এনআই/এসএসএইচ