শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জননিরাপত্তা নিশ্চিতে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও মোবাইল ফোর্স মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং সেল বিশেষ নজরদারি জোরদার করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে মুসল্লিরা দেশব্যাপী ইবাদত বন্দেগি, সালাত ও জিকিরসহ নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করে থাকেন। সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে উক্ত ধর্মীয় অনুষ্ঠানটি পালন নিশ্চিত করার জন্য র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে পবিত্র শবে বরাতের নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব ফোর্সেস আগামী ৩-৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, ঢাকাসহ সারাদেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয়সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পবিত্র শবে বরাত উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, শবে বরাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার/গুজব রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি/স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা/অপপ্রচার রোধ করতে প্রস্তুত রয়েছে র্যাব।
পবিত্র শবে বরাত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাব ফোর্সেসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও ঐ সময়ে যে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে র্যাবের সহযোগিতা পেতে র্যাবকে (কন্ট্রোল রুমের নাম্বার ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সব স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছে র্যাব।
এমএসি/এমএন