রমজানে বাজার কারসাজি থেকে হাসপাতালের ভুয়া বিল, দুদকের ৩ অভিযান

জাহাজ থেকে দীর্ঘদিন পণ্য খালাস না করে নদী ও সমুদ্রে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট, রোগীদের বঞ্চিত করে হাসপাতালে ভুয়া বিল-ভাউচার এবং সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২ ফেব্রুয়ারি) দুদকের জেলা অফিসগুলো থেকে চট্টগ্রাম বন্দর, নীলফামারী সদর হাসপাতাল এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সড়কে সরেজমিনে ওই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রাম বন্দরে অভিযান
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বাড়ানোর অসৎ উদ্দেশ্যে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে আমদানিকারকদের মাধ্যমে লাইটার জাহাজে দীর্ঘদিন পণ্য খালাস না করে নদী ও সমুদ্রে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম চট্টগ্রাম বন্দরে অভিযান চালায়।
অভিযানকালে টিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করে। একইসঙ্গে নৌপরিবহন অধিদপ্তরের অনাপত্তি সনদ ব্যতীত লোকাল এজেন্ট ও পণ্যের এজেন্টদের দ্বারা চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার করে পণ্য পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না-তা যাচাই করা হয়। এ বিষয়ে ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন), হারবার মাস্টার ও ডেপুটি কনজারভেটর দপ্তরের বক্তব্য গ্রহণ করা হয় এবং পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রণ ও তদারকি সংক্রান্ত বিদ্যমান আইনি ও প্রক্রিয়াগত বিষয়াবলি সম্পর্কে দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।
নীলফামারীর হাসপাতালে অনিয়ম
নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানির অভিযোগে রংপুর দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে নীলফামারী সদর হাসপাতাল হতে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় হাসপাতালের মালামাল ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন অসামঞ্জস্যতা পায় দুদক টিম। প্রাথমিক যাচাইয়ে মালামাল ক্রয়ের ক্ষেত্রেও বিভিন্ন অসামঞ্জস্যতা পাওয়া গেছে।
কুয়াকাটায় সড়ক নির্মাণে অনিয়ম
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সরেজমিন পরিদর্শনে দুদক দেখতে পায়, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ধোলাই মার্কেট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রকল্পের মধ্যে ৫ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। অভিযানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সড়কের দৈর্ঘ্য, প্রস্থ, মেকাডাম স্তর ও কার্পেটিংয়ের পুরুত্ব পরিমাপ করা হয়।
তিনটি অভিযানে সংগৃহীত তথ্য, রেকর্ডপত্র ও বক্তব্য পর্যালোচনা শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
আরএম/জেডএস