দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রামের হালদা নদীতে একটি বাচ্চা শুশুক মরে ভেসে উঠেছে।
আজ (মঙ্গলবার) হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর ভেসে আসা শুশুকটির মৃতদেহ উদ্ধার করেন। শুশুকটি মদুনাঘাট এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে হাটহাজারী উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকায় আসে।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী মৃত শুশুকটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, শুশুকটির দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফুট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২ থেকে ৩ বছর হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুশুকটি ৩ থেকে ৪ দিন আগে জালে আটকে পড়ে অথবা কোনো শক্ত বস্তুর সঙ্গে আঘাত পেয়ে মারা গেছে। মৃতদেহে পচন ধরলেও শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানান, হালদা নদীতে মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ এবং অবৈধ জালের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এসব কারণে শুশুকসহ নদীর বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যুর সংখ্যা বাড়ছে, যা হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এমআর/এনএফ
