ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া, সম্পাদক আতাহার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের পেশাগত অধিকার রক্ষা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ গঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত কর্মকর্তাদের কণ্ঠভোটে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া সভাপতি এবং কর কর্মকর্তা আতাহার আলী খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নেতৃত্বে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সভায় সংগঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, স্থায়ী সদস্য অন্তর্ভুক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অ্যাসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মতিতে অ্যাসোসিয়েশন গঠনের প্রস্তাবটি অনুমোদিত হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, একটি সুসংগঠিত ও শক্তিশালী অফিসার্স অ্যাসোসিয়েশন ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং নাগরিক সেবা আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের নেতারা আশা প্রকাশ করে বলেন, এই সংগঠনের মাধ্যমে কর্মকর্তাদের মতামত ও প্রস্তাব আরও সংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হবে। এটি ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সহায়ক হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, নবগঠিত কমিটি শিগগিরই সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে এবং গঠনতন্ত্র ও আনুষঙ্গিক রূপরেখা প্রণয়ন করবে। উল্লেখ্য, বর্তমান কমিটি আগামী দুই বছরের মধ্যে সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করবে।
এএসএস/বিআরইউ